জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় রেকর্ড গড়ার ধারা অব্যাহত রয়েছে। সোমবার তৃতীয়দিনে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারে আরও চারটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। তিনদিন শেষে নতুন জাতীয় রেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টি। এর মধ্যে সাঁতারে ১৪টি ও ডাইভিংয়ে একটি। কাল সাঁতারের ২৮টি ও ডাইভিংয়ের দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। দিনের অন্যতম সেরা পারফরম্যান্স ছিল বিকেএসপির আব্দুল আজিমের। ১৫-১৭ বছর বালকদের ২০০ মিটার ফ্রিস্টাইলে ২ মিনিট ৮.০৪ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন তিনি। আজিমের ঝুলিতে জমা হয়েছে আটটি স্বর্ণ ও দুটি রুপা। এর মধ্যে পাঁচটিতেই গড়েছেন জাতীয় রেকর্ড।

১৩-১৪ বছর বালিকাদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন মেঘনা মোহনা সুইমিং ক্লাবের ফাতিহা মাহতাব মাইশা। তিনি সময় নেন ২ মিনিট ৪৫.৪৪ সেকেন্ড। একই বয়স বিভাগের বালকদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে নিকলী সুইমিং ক্লাবের শামীমুল হক ৪ মিনিট ৪৫.৩০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ১০ বছর বালিকাদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে বিকেএসপির আয়েশা তাবাসসুম সাবা ৩৮.২৫ সেকেন্ড সময় নিয়ে আরেকটি নতুন জাতীয় রেকর্ড গড়ে।

পদক তালিকায় শীর্ষে রয়েছে বিকেএসপি। তাদের সংগ্রহ ৫০টি স্বর্ণ, ৪৯টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ। ১০টি স্বর্ণ, আটটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে নিকলী সুইমিং ক্লাব। আটটি স্বর্ণ, তিনটি রুপা ও ১১টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মেঘনা মোহনা সুইমিং ক্লাব।