পটিয়ায় ঠিকাদারদের আন্দোলনে স্থবির পৌরসভা
পটিয়ায় ঠিকাদারদের আন্দোলনে গত এক সপ্তাহ ধরে পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ৬ জুলাই পৌরসভার তিনটি প্যাকেজের ঠিকাদারি কাজের অনলাইন ড্রয়ের পর থেকে পৌরসভার প্রায় ১৫-২০ ঠিকাদার প্রতিবাদ ও সমাবেশ করেন। পৌরসভা সূত্র জানায়, ই-টেন্ডার নোটিশে তিনটি উন্নয়ন কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। সোমবার জাহিন এন্টারপ্রাইজ, সিমিন কনস্ট্রাকশন এবং তানজিনা এন্টারপ্রাইজ ওই কাজগুলো পান। টেন্ডারের ফল প্রকাশের পর সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ে বিক্ষোভ করেন ওই ঠিকাদাররা। তারা তিনটি টেন্ডারের কার্যাদেশ বাতিল করে রি-টেন্ডারের দাবি জানান।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু
ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকায় সোমবার দুপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাল আলম (২৬) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। নিহত জামাল উপজেলার ভূজপুর ইউনিয়নের আছিয়া চা বাগান এলাকার মানু মিয়ার ছেলে। ফরহাদাবাদ এলাকায় গাছ কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
সুজানগরে মাদকের অভিযোগে যুবদল নেতা আটক
সুজানগরে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম বাবুকে রোববার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। এ ঘটনার পর তাকে মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন তার অনুসারীরা। পরে রাতেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কড়া নিরাপত্তায় শফিউল আলমকে আদালতে পাঠানো হয়।
সুজানগর (পাবনা) প্রতিনিধি
ফেনীতে নকল বীজ বিক্রিতে ব্যবসায়ীকে জরিমানা
কৃষকদের সঙ্গে প্রতারণা ও মেয়াদোত্তীর্ণ বীজ-কীটনাশক বিক্রির অভিযোগে ফেনীর মহিপালে সোমবার বীজ ও সার বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ‘মেসার্স নিউ ফকির ট্রেডার্সে’ বিভিন্ন ব্র্যান্ডের নকল মোড়কে সাধারণ বীজ প্যাকেট করা, মেয়াদ পরিবর্তন ও খালি কীটনাশকের বোতল জব্দ করে ধ্বংস করা হয়।
ফেনী প্রতিনিধি
ধুনটে নদীতে নারীর ভাসমান লাশ উদ্ধার
ধুনটে যমুনা নদীতে ভাসমান অবস্থায় সোমবার সকালে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জেলেরা ভান্ডারবাড়ি গ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে আবর্জনার সাথে আটকে থাকা লাশটি দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তাদের ধারণা, লাশটি উজান থেকে স্রোতের টানে ভেসে এসেছে। লাশে পচন ধরায় তার পরিচয় পাওয়া যায়নি।
বগুড়া ব্যুরো
কাপ্তাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় সোমবার দুপুরে সেপটিক ট্যাংকিতে পড়ে নন্দী মল্লিক তুলসী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নন্দী ওই এলাকার সুজন মল্লিকের মেয়ে। সোমবার বিদ্যালয়ের পাশে সেপটিক ট্যাংকিতে পড়ে গেলে শিশুটিকে উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙামাটি প্রতিনিধি
আক্কেলপুরে ছাত্রী ধর্ষণে যুবকের মৃত্যুদণ্ড
আক্কেলপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মন্ডল নামে এক প্রতিবেশীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দণ্ডিত আলম মন্ডলের বাড়ি উপজেলার পালশা গ্রামে। জানা যায়, ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে ওই ছাত্রী ক্লাস শেষে বাড়ি ফেরে। ঘরে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক আলম পালিয়ে যায়।
জয়পুরহাট প্রতিনিধি
পার্বতীপুরে একসঙ্গে মা-মেয়ের ঝুলন্ত লাশ
পার্বতীপুরের মোস্তফাপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে সোমবার একসঙ্গে মা ও মেয়ের লাশ উদ্ধার হয়েছে। নিহতরা হলেন নিপেন রায়ের স্ত্রী ছবি রানী ও মেয়ে পল্লবী রানী। শ্রী নিপেন রায় বাসায় ফিরে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরে গ্রাহকের সঙ্গে প্রতারণায় মামলা
লক্ষ্মীপুরে গ্রাহকের বীমা দাবির ৬ লাখ টাকা পরিশোধ না করায় বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাহজাহান নামে এক ব্যক্তি এ মামলা করেন। মামলায় অভিযুক্তরা হলেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার মুন্সী মনিরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিছুর রহমান সুমন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সামছুল ইসলাম, লক্ষ্মীপুর কার্যালয়ের ম্যানেজার জাকির হোসেন, ইনচার্জ রিয়াজ হোসেন, হিসাবরক্ষক আয়াত উল্যা ও প্রতিষ্ঠানটির জকসিন বাজার কার্যালয়ের ইনচার্জ তৈয়ব রহমানসহ ৮ জন। লক্ষ্মীপুর প্রতিনিধি








