র্যাবের ওপর হামলায় শফিক ডাকাত গ্রেফতার
নবীনগরে র্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলা, আটকে রেখে নির্যাতন এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ডাকাত দলের নেতা শফিককে সোমবার রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাব। ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে নবীনগরের খাগাতুয়া এলাকায় গেলে শফিক ডাকাত ও তার সহযোগীরা র্যাবের ওপর হামলা চালায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বড়লেখায় ছাত্রীকে ধর্ষণচেষ্টায় আটক ১
বড়লেখায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোমবার সকালে নিজ বাড়ি থেকে মহাদেব রবি দাস নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মহাদেব নিউ সমনবাগ চা বাগানের শ্রমিক। শনিবার সপ্তাহিক ছুটির দিনে ছাত্রীটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বসতঘরে একা ছিল। এ সুযোগে মহাদেব ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যার বিচার দাবি
উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে সোমবার বিকালে নবীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকার্স
ফোরাম নবীনগরের উদ্যোগে আধুনিক সমবায় সুপার মার্কেট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান তারা। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোরেলগঞ্জে জালে আটকা ৯ ফুট লম্বা অজগর
মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের কেসি চালিতাবুনিয়া গ্রামে সোমবার সকালে মাছ ধরার বুচনা জালে আটকা পড়েছে ৯ ফুট লম্বা অজগর সাপ। সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার দিন সকালে ওই গ্রামের মজিবর রহমান তার বাড়ির কাছে পাতা বুচনা জাল তুলতে গিয়ে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
চরফ্যাশনে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
চরফ্যাশনের আবদুল্লাহপুরে সোমবার সকালে নুপুর নামে এক নারীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী ও তার পরিবার। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। নুপুর ওই এলাকার দোলন হাওলাদারের স্ত্রী। সাংসারিক বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি
নান্দাইলে যুবদল নেতাকে হত্যাচেষ্টায় আটক ২
নান্দাইলে মাদকের প্রতিবাদ করায় আকরাম হোসেন ফেরদৌস (৪৭) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের দশালিয়া গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। আহত আকরাম হোসেন ফেরদৌস দশালিয়া গ্রামের মৃত আহম্মদ উল্লাহর ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের সক্রিয় নেতা। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
মোহনগঞ্জে জব্দ জাল পুলিশ ফাঁড়ি থেকে ছিনতাই
মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওড়ে জব্দ করা চারটি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল পুলিশ তদন্তকেন্দ্র থেকে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার হাওড়ে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া জালগুলোর একটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার চারটি বড় জাল জব্দ করে আদর্শনগর পুলিশ তদন্তকেন্দ্রে আনা হয়। পরে সেগুলো কেন্দ্রের নিচতলায় ভূমি কার্যালয়ে রাখা হয়। পরদিন দুপুরে ৪০ থেকে ৫০টি নৌকায় কয়েক শ মানুষ সেখানে এসে জোরপূর্বক জালগুলো নিয়ে যায়। এসআই রাসেল পারভেজ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জালগুলো জব্দ করা হয়েছিল। তার দাবি, পুটিউগা গ্রামের জুয়েলের নেতৃত্বে জাল ছিনতাইয়ের ঘটনা ঘটে। জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। নেত্রকোনা প্রতিনিধি
মৌলভীবাজার চেম্বারের পরিচালনা পরিষদ বাতিল
বিধি অনুযায়ী মৌলভীবাজার চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় বাতিল করা হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক আয়েশা আক্তার স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয় দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে প্রশাসক নিয়োগে শালিসি ট্রাইব্যুনাল এফবিসিসিআই কর্তৃক মামলার রায় রয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি








