জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার না করলে বিএনপি সরকারের পতন অনিবার্য। রোববার নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা এনসিপির সভাপতি সেলিম দেওয়ানের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন নারী শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুবশক্তির সদস্য ফরহাদ সোহেল, যুগ্ম সম্পাদক নিশাত আহমেদ, রাজশাহী বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রমুখ। পথসভা শেষে বন্যায় নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং নিয়ামতপুরেরর জুলাই শহীদ রায়হানের বাবার সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতারা।

পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটকে পরাজিত করে বিএনপি জোট ক্ষমতায় আসে। ক্ষমতা গ্রহণের পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে সরকার। নিজেদের ৩১ দফা থেকেও তারা পিছুটান নিয়েছে। তিনি আরও বলেন, তলে তলে দিল্লির সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা করছে তা কোনোদিন মেনে নেওয়া হবে না।

প্রয়োজনে আরও একটি অভ্যুত্থান করে এ সরকারের পতন ঘটানো হবে। বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে বন্যায় ৩৯ জন প্রাণ হারালেও এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ের কাউকে বন্যাদুর্গত এলাকায় দেখা যায়নি।