থেমে থেমে বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা অনেকটা কমেছে। এ কারণে সারা দেশে লোডশেডিং কিছুটা কমেছে। তবে এরপরও বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। সরকারি সংস্থা পাওয়ার গ্রিড অব বাংলাদেশ-পিজিসিবি জানিয়েছে, বুধবার বিকাল ৫টায় সারা দেশে লোডশেডিং হয়েছে মাত্র ৪৫৩ মেগাওয়াট। এ সময়ে সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ২৩৯ মেগাওয়াট। আর সরবরাহ দেওয়া হয়েছে ১৩ হাজার ৭৮৬ মেগাওয়াট।
বিশ্বকাপ খেলার কারণে এখন বিদ্যুতের সবচেয়ে বেশি চাহিদা থাকে রাত ১০টার পর। মঙ্গলবার রাত ১২টায় সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৮৭১ মেগাওয়াট। আর এ সময়ে সরবরাহ দেওয়া হয়েছে ১৫ হাজার ৪৫১ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির কর্মকর্তারা জানান, বৃষ্টির আগে রাত ১১টা বা ১২টার পর বিদ্যুতের চাহিদা থাকত ১৭ হাজার মেগাওয়াটের বেশি। এই কারণে ওই সময়ে লোডশেডিং ২ হাজার মোগওয়াটের বেশি হতো। এখন বৃষ্টির কারণে চাহিদা কমেছে বিদ্যুতের । তবে এখনো টানা বৃষ্টি নামেনি। তাই গরমও কম নয়। বিদ্যুতের চাহিদাও খুব বেশি কমেনি।






