রাজশাহী নগরীর চন্ডিপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চত্বরে সরকারি বাসায় বসবাস করছেন আরইউটিডিপি প্রকল্পের উপপরিচালক তথা সিনিয়র সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা। নিয়মানুযায়ী বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট বিল পরিশোধ করার কথা থাকলেও তিনি তা করছেন না। বকেয়া সব বিল সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য তাকে চিঠি দিয়েছেন রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী।

প্রকৌশলী আজাদ ২০২৫ সালের ৬ জানুয়ারি সিনিয়র সহকারী প্রকৌশলী হিসাবে রাজশাহীতে এলজিইডির প্রকল্পে যোগদান করেন। এ বিষয়ে তিনি বলেন, আমি সব পাওনা পরিশোধে প্রস্তুত আছি। তবে ভাড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় সরকারি কোড হাতে না পাওয়ায় দিতে পারছি না। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, এখানে কোড হাতে পাওয়ার কোনো বিষয় নেই।

আজাদ মোল্লা ইচ্ছে করলেই তার সরকারি বেতন-ভাতা থেকে বিধিমোতাবেক বাড়ি ভাড়াসহ সব পাওনাদি পরিশোধ করে দিতে পারবেন। তবে তিনি অজুহাত দেখিয়ে তা পরিশোধ করছেন না।