আবাসন সংকট দ্রুত নিরসন, শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত এবং শিক্ষার্থীবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তোলার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ না নিলে আরো কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রবিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে ‘মঞ্চ-২৪, রাবি শাখা’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের দ্রুত সমাধান, পর্যাপ্ত আবাসিক আসন বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় তারা ‘মেসের মালিক পকেট কাটে, ভিসি ঘুমিয়ে থাকে’, ‘হল আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’, ‘শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে’, ‘সবার জন্য হল চাই, বৈষম্যের ঠাঁই নাই’ এবং ‘এসি রুমের আরাম ছাড়ো, হল-সংকট দূর করো’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এ সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর প্রতি আহ্বান জানান তারা।
মঞ্চ-২৪-এর মিডিয়া সমন্বয়ক আল ইমরান জিহাদ বলেন, “রাবির শিক্ষার্থীরা আর হলের বাইরে থাকতে চায় না। তারা পড়াশোনার উপযোগী পরিবেশ চায়। আবাসন-সংকট দূর করতে না পারলে শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে হবে। প্রতিবছর ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী শতভাগ আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান প্রণয়ন করতে হবে।”
তিনি আরো বলেন, “বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রাজশাহীতে একজন শিক্ষার্থীর মাসিক ব্যয় ৮ থেকে ১০ হাজার টাকায় পৌঁছেছে। এই ব্যয় বহন করা অনেক পরিবারের পক্ষেই সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর কাছে আহ্বান, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের আবাসন-সংকট নিরসন করা হোক।”
মঞ্চ-২৪-এর সদস্য তালহা তামিম বলেন, “বাংলাদেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসন সুবিধার দিক থেকে সবচেয়ে পিছিয়ে। প্রতিষ্ঠার ৭২ বছর পার হলেও প্রশাসন এখনো কার্যকরভাবে এ সংকট সমাধান করতে পারেনি।”
তিনি বলেন, “রাজশাহী শহরে পর্যাপ্ত টিউশনের সুযোগও নেই। ফলে মেস ভাড়া ও জীবনযাত্রার ব্যয় বহন করতে গিয়ে অনেক শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়ছেন। তাই সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি, শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭১ থেকে ৭৩ ব্যাচের অনেক শিক্ষার্থী এখনো হলের আসন পাননি। অথচ রাকসু নির্বাচনের আগে বিভিন্ন ছাত্রনেতা আবাসন সংকট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।”
তিনি আরো বলেন, “আজকের কর্মসূচির পরও যদি প্রশাসন কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনিক ভবন ও রাকসু ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি প্রতিটি বিভাগে সমন্বয়ক নিয়োগ দিয়ে আগামী সপ্তাহ থেকে আবাসন সংকট নিরসনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।”
কর্মসূচি শেষে আন্দোলনকারীরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে প্রয়োজনে লাগাতার কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তারা।








