দেশের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগের আওতাধীন সেতুর টোল মওকুফ না করার বিষয়ে সংসদে ইঙ্গিত দিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সেতুর টোল কালেক্ট করার নীতিমালা আছে। তাই টোল কালেকশন বন্ধ করা বা সংসদ সদস্যদের সুপারিশে বা অনুরোধে টোল আদায় বন্ধ করার সুযোগ যোগাযোগ মন্ত্রণালয়ের কম। সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য শওকত আরা আক্তারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা যারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছি তারা নির্বাচনের আগে অধিকাংশ জায়গায় টোল মওকুফের কথা বলেছি। হয়তো নির্বাচিত হওয়ার স্বার্থে জনমত গঠনের জন্য তা বলেছি। যোগাযোগ মন্ত্রণালয় সেতু নির্মাণ করে ও সেতু ব্যবস্থাপনা করে। কিন্তু টোল আদায় হচ্ছে রাজস্ব বিষয়, যা অর্থনৈতিক বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত।

যোগাযোগ মন্ত্রণালয় রাজস্ব আদায় রহিত করতে পারে না অথবা কোনো মেম্বার অফ পার্লামেন্টও তা করতে পারেন না। রাজস্ব আদায় না হলে অর্থের অভাবে এই পার্লামেন্টটাও চলবে না।’

চার লেনের সড়ক নির্মাণের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে অনেক সংসদ-সদস্য ফোর লেন সড়ক করে দেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন। কিন্তু ফোর লেন সড়ক হওয়ার জন্য ওই এলাকায় যানবাহন কতটুকু চলে, যাত্রীর সংখ্যা কত, মালামাল পরিবহণ কী পরিমাণ আছে-সেগুলো বিবেচনা করা হয়। জেলা পর্যায়ে দুই লেনের সড়ক যথেষ্ট বলে আমরা মনে করি। আর যেসব ন্যাশনাল হাইওয়ে চার লেন করার দাবি আছে, সেগুলোর পরিকল্পনা আছে।’