সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকার কোয়ার্টার থেকে ৫ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন। ৮ জুলাই কোয়ার্টার থেকে নিখোঁজের পর তার খোঁজ মিলছে না। এদিকে জেলিনকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার গ্রামের বাড়িতে ফোন করে মুক্তিপণ দাবি করছে প্রতারক চক্র।
এ ঘটনায় জেলিনের সহকর্মী ধনঞ্জয় কুন্ডু সিলেট বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই অর্জুন চৌধুরী জানান, ছুটি শেষে বাড়ি থেকে ফিরে কাজে যোগ দেননি জেলিন। তার সর্বশেষ অবস্থান শনাক্ত করা গেছে এবং তাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
ঠাকুরগাঁওয়ের বাসিন্দা জেলিনের মা ফরিদা ইয়াসমিন জানান, ছুটি শেষে ৭ জুলাই জেলিন সিলেটে তার কর্মস্থলে ফেরেন। পরদিন সকালে তার মা ফোন করলে জেলিনের রুমমেটরা জানান, তিনি ঘুমিয়ে আছেন। পরে বেলা ১১টার দিকে আবার ফোন দিলে জানানো হয়, তিনি বেডে নেই, হয়তো ছাদে গেছেন। এরপর থেকে তার কোনো সন্ধান মিলেনি।








