সিলেটের খুচরা বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দরে। বেগুন, শসা, টমেটোর দাম ছাড়িয়ে গেছে শত টাকা। একই সঙ্গে বেড়েছে মুরগির দামও।

বুধবার (২২ জুলাই) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির দামে খুব বেশি পরিবর্তন না এলেও কয়েকটি পণ্যের দাম এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, সরবরাহ ও পরিবহন ব্যয়ের প্রভাব বাজারে পড়ছে।

বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। চিচিঙ্গার দাম রয়েছে ৬০ থেকে ৭০ টাকা। কচুমুখী পাওয়া যাচ্ছে ৬০ টাকায়। অন্যদিকে মূলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকায়।

সবজির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন, শসা ও টমেটো। এ তিনটি পণ্যের দাম কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে।

মুরগির বাজারেও দামের তারতম্য দেখা গেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকায়। আর সোনালী মুরগির দাম রয়েছে ৩০০ থেকে ৩২০ টাকা।

আরও পড়ুন

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

বাজারে ক্রেতা তায়েফ আহমদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সবজির দামও তুলনামূলক বেশি থাকায় সংসারের ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। দ্রুত বাজারে সরবরাহ বৃদ্ধি এবং দামের স্থিতিশীলতা ফেরানোর দাবি জানান তিনি।

আম্বরখানা এলাকার সবজি বিক্রেতা সোহেল মিয়া বলেন, উৎপাদন এলাকা থেকে সরবরাহ স্বাভাবিক থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহগুলোতে কিছু সবজির দাম কমতে পারে। তবে বর্তমানে বাজারে বেশির ভাগ সবজির দাম আগের তুলনায় বেশি রয়েছে।

মদিনা মার্কেটের ব্যবসায়ী সজিব আহমদ বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ব্রয়লারের দাম বেড়েছে প্রতিকেজিতে ১০-১৫ টাকা। সোনালী মোরগের দামও অপরিবর্তিত।

আহমেদ জামিল/এনএইচআর