মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত শম্ভু ভদ্র (৮০) উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিংভোগ গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, শম্ভু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এর আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত ৩টা থেকে ৫টার মধ্যে যেকোনো সময়ে শম্ভু বাড়ি থেকে বের হয়ে গ্রামের একটি পুকুর পাড়ে যান। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়।
সিরাজদিখান থানার ওসি তদন্ত হাবিবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








