বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সোনালী কাবিন পদক-২০২৬’ পাচ্ছেন প্রখ্যাত কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার। আগামী ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী ‘কবি আল মাহমুদ স্মরণোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেওয়া হবে।শনিবার (৪জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি লিখিত বক্তব্যে পদকপ্রাপ্তের নাম ঘোষণা করেন। এ সময় পরিষদের সভাপতি মো. ইব্রাহিম সাদাত ও সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, কবি আল মাহমুদের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ৯ থেকে ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৯ জুলাই সকালে কবির কবর জিয়ারতের মাধ্যমে উৎসব শুরু হবে। এরপর নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।১০ জুলাই দিনব্যাপী আল মাহমুদের গদ্য ও কবিতা নিয়ে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উৎসবের শেষ দিন ১১ জুলাই সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামল। তিনি কবি আব্দুল হাই সিকদারের হাতে পদক তুলে দেবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই উৎসবের মাধ্যমে আল মাহমুদের সাহিত্যচর্চা আরও বেগবান হবে। অনুষ্ঠানে সারা দেশের কবি-সাহিত্যিক ও গবেষকেরা অংশ নেবেন।
রাজনীতি
‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন কবি আব্দুল হাই সিকদার

শেয়ার করুন







