জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যে সরকার পাঁচ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, সেই সরকার দেশের কী পরিবর্তন করবে। রাষ্ট্রপতির পদত্যাগ করলেই হবে না, পরে তাকে (সাহাবুদ্দিন) গ্রেফতার করতে হবে। একজন যোগ্য অভিভাবকসুলভ মানুষকে দেশের রাষ্ট্রপতি দেখতে চায় জনগণ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির জামালপুর জেলা ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে গণজাগরণ পদযাত্রা শেষে শহরের ফৌজদারি চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ‘গণ-অভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিয়ে তাকে বিচারের আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে।’
সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গণভোট অসাংবিধানিক বা অবৈধ হলে বিএনপি সরকার অবৈধ হবে।
সভায় বক্তব্য দেন-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সহসভাপতি হিফজুর রহমান বকুল, এনসিপির জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন।
কর্মসূচিতে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীসহ স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

