পরিবার, সম্পর্ক ও দায়িত্ববোধের গল্প নিয়ে নির্মিত একক নাটক ‘তবু মনে রেখো’ । মো. রবিউল সিকদার পরিচালিত নাটকটির রচনা ও চিত্রনাট্য করেছেন মাতিয়া বাবু শুক।নাটকটির মূল গল্প আবর্তিত হয়েছে একটি পরিবারের ভাঙন ও সেই ভাঙন থেকে ফিরে আসার আবেগঘন যাত্রাকে ঘিরে। গল্পে দেখা যায়, ছেলে ও পুত্রবধূ আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরিবারের মা। সেই কঠিন সময়ে স্ত্রীর পাশে থেকে স্বামীর নিঃস্বার্থ সেবা, দায়িত্ববোধ ও ভালোবাসা দেখে নিজেদের সিদ্ধান্ত নতুন করে ভাবতে শুরু করে তরুণ দম্পতি। শেষ পর্যন্ত পরিবারকে একসঙ্গে রাখার সিদ্ধান্তই প্রাধান্য পায়।নাটকটিতে শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন দেশের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। তার পুত্রবধূর চরিত্রে রয়েছেন তাহমিনা সুলতানা মৌ। এছাড়া অভিনয় করেছেন মাসুম বাশার ও শাহেদ আলী।নাটকটি নিয়ে ডলি জহুর বলেন, গল্পটি আমাদের বাস্তব জীবনের খুব কাছাকাছি। সংসার, সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধকে কেন্দ্র করে নির্মাতা আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন। তাই দর্শকদের নাটকটি ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।অন্যদিকে তাহমিনা সুলতানা মৌ বলেন, নাটকটি শুধু বিনোদনের জন্য নয়, এতে রয়েছে গুরুত্বপূর্ণ একটি সামাজিক বার্তা। তার মতে, পরিবারের প্রতি দায়িত্ব, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি সম্পর্ককে টিকিয়ে রাখে। তাই জীবনঘনিষ্ঠ এমন গল্পের নাটক আরও বেশি নির্মাণ হওয়া প্রয়োজন।
রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। চিত্রগ্রহণ করেছেন জুয়েল আহমেদ। পারিবারিক সম্পর্কের আবেগ, ভালোবাসা ও দায়িত্ববোধের বার্তা নিয়ে নির্মিত ‘তবু মনে রেখো’।








