থাইল্যান্ডের একটি স্কুলে এক ছাত্রের গুলিতে পাঁচ শিক্ষক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১৫ জন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার কিছুক্ষণ পর এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী, একজন ১৪ বছর বয়সী কিশোর। স্কুলে যাওয়ার আগে সে বাড়িতে তার দাদা-দাদিকে হত্যা করে। হামলার জন্য সে ৯মিমি হ্যান্ডগান ব্যবহার করেছিল এবং সেটি তার দাদার ছিল।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। তবে তারা এখনো তার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানতে পারেনি।
আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
প্লাই ব্যাং উপ-জেলা পুলিশ বিভাগের প্রধান লেফটেন্যান্ট-কর্নেল পাসাকর্ন চাইতাউইওং জানিয়েছেন, হামলকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। সেই ওই স্কুলের শিক্ষার্থী ছিল।
জরুরি সেবাকর্মীদের শেয়ার করা ছবিতে দেখা গেছে, রাজধানী ব্যাংককের উত্তর-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত দেবসিরিন ননথাবুরি স্কুল থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে এবং অ্যাম্বুলেন্স চলাচল করছে। একজন শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা গেছে এবং আরেকজনকে একজন স্বাস্থ্যকর্মী সেবা দিচ্ছেন।
ফেব্রুয়ারিতে, দক্ষিণ থাইল্যান্ডের হাত ইয়াই জেলায় এক বন্দুকধারী একটি স্কুলে গুলি চালালে একজন শিক্ষক নিহত এবং একজন ছাত্র আহত হয়।








