চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাসচাপায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দর্শনা-মুজিবনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া রাজবাড়ী সদরে চন্দনী মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। আর যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিচে যুগান্তর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত-

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কে বাসচাপায় সিয়াম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম এই উপজেলার ধান্যঘরা গ্রামের পলাশের ছেলে। দর্শনা থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, দুপুরে শিশু সিয়াম তার দাদির সঙ্গে ধান্যঘরা গ্রামের মা কিন্ডারগার্টেনে ক্লাস শেষে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। সে ধান্যঘরা রাইসার বিল এলাকায় এসে রিকশা থেকে নামলে তাকে একটি দ্রুতগামী বাস চাপা দেয়। রেখা পরিবহণের ওই গাড়িটি পুলিশ জব্দ করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী : সোমবার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী এলাকায় দাঁড়িয়ে থাকা চালবাহী ট্রাককে ধাক্কা দেয় একটি দ্রুতগামীর পিকআপ। এতে পিকআপের চালক বিদ্যুৎ পাহান নিহত হন। সোমবার পাংশা হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন যুগান্তরকে বলেন, রোববার রাত ৩টার ওই ঘটনায় নিহত বিদ্যুৎ নওগাঁর বদলগাছি উপজেলার সুনীল পাহানের ছেলে। পুলিশ জানায়, পিকআপ ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

অভয়নগর (যশোর) : রোববার রাতে অভয়নগরের শংকরপাশা গ্রামে ট্রাকের ধাক্কায় তারেক মল্লিক (২৬) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী শান্ত ইসলাম আহত হয়েছেন।

নিহত তারেক চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের বাচ্চু মল্লিকের ছেলে। আহত শান্ত শংকরপাশা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তারা একজনের জানাজা পড়ে ফেরার পথে শংকরপাশা মসজিদ এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয়।

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।