৪৮ দলকে নিয়ে ১১ জুন শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ এখন চার দলের টুর্নামেন্ট। ১০০ ম্যাচ শেষে বাকি আর মাত্র চার ম্যাচ। দুটি সেমিফাইনাল (১৪ ও ১৫ জুলাই), তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ (১৮ জুলাই) এবং ফাইনাল (১৯ জুলাই)। আজ ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। শেষ চারের দুই জয়ী দল ফাইনালে ড়বে সোনালি ট্রফির জন্য। এবারের চার সেমিফাইনালিস্ট একটি দুর্লভ মাইলফলক ছুঁয়েছে। চার দলেরই সৌভাগ্য হয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার। এর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবচেয়ে বেশি তিনবার শিরোপাসিক্ত হয়েছে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে। গতবারের রানার্সআপ ফ্রান্স দুবার (১৯৯৮ ও ২০১৮) এবং ইংল্যান্ড (১৯৬৬) ও স্পেন (২০১০) একবার করে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপের প্রায় এক শতাব্দীর ইতিহাসে এ নিয়ে মাত্র তৃতীয়বার সেমিফাইনালে ওঠা চার দলের প্রতিটি এর আগে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে দুবার এই নজির তৈরি হয়েছিল ১৯৭০ (ব্রাজিল, ইতালি, পশ্চিম জার্মানি ও উরুগুয়ে) এবং ১৯৯০ (পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, ইতালি ও ইংল্যান্ড) বিশ্বকাপে।