বিশ্বকাপে উরুগুয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর দলটির কোচের পদ থেকে বিদায় নেন মার্সেলো বিয়েলসা। নতুন কোচ হিসাবে দেশটির ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার দিয়েগো ফোরলানকে নিয়োগ দিয়েছে উরুগুয়ের ফুটবল ফেডারেশন। আগামী বছরের মার্চ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন ফোরলান। শুধু জাতীয় দল নয়, উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের দেখভালও করবেন ৪৭ বছর বয়সি সাবেক এই স্ট্রাইকার।

দিয়েগো ফোরলানের কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০২০ সালে দেশটির শীর্ষ লিগের ক্লাব পেনারোলে। পরের বছর এতেনাসের হয়েও কাজ করেন তিনি। ফোরলানের কোচিং ক্যারিয়ার দীর্ঘ না হলেও তার খেলোয়াড়ি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০০২ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। উরুগুয়ের হয়ে ১১২ ম্যাচে ৩৬টি গোল করেছেন তিনি। দেশের হয়ে জিতেছেন আর্জেন্টিনায় অনুষ্ঠিত ২০১১ কোপা আমেরিকা।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ জেতেন ফোরলান। ওই আসরে যৌথভাবে সর্বোচ্চ পাঁচ গোল করেন তিনি। দীর্ঘ পেশাদার ম্যানচেস্টার ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের হয়ে ক্লাব ফুটবলে খেলেছেন তিনি।