ঝুট ব্যবসার জন্য ভেতরে বিদেশি বায়ার থাকা অবস্থায় কারখানার বাইরে আলোচিত মোটরসাইকেল মহড়ার ঘটনায় টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাজির হয়ে জবাব দিতে বলেছে কেন্দ্রীয় যুবদল। সোমবার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, তৈরি পোশাক কারখানা এলাকায় পেশিশক্তি প্রদর্শনপূর্বক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন মর্মে অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে নাজমুল হোসেন মণ্ডল বলেন, নোটিশ পেয়েছি। জবাব দেব। ২৮ জুন দুপুরে টঙ্গীর পাগার এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বে একটি কারখানার ভেতরে বিদেশি বায়ার থাকা অবস্থায় বাইরে শতাধিক মোটরসাইকেলে অস্ত্রের মহড়া হয়। ওই ঘটনায় মামলা হলে পুলিশ ১৭ জনকে গ্রেফতার করে। এদিকে ঘটনার পর মহড়ায় অংশগ্রহণকারী মামলার তিন নম্বর আসামি কামাল হোসেন বুলুকে বহিষ্কার করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি।








