দীর্ঘ প্রায় ছয় বছর পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেডিকেল সেন্টারে ফের চালু হয়েছে চিকিৎসকদের রাত্রিকালীন ডিউটি। প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ জরুরি চিকিৎসাসেবা পাবেন।

উত্তরাঞ্চলের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হাবিপ্রবিতে দেশ-বিদেশের ১২ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়লে রাতেও জরুরি চিকিৎসাসেবার প্রয়োজন হয়। তবে প্রায় ছয় বছর ধরে এ সেবা বন্ধ ছিল। অবশেষে তা পুনরায় চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন বুধবার, বৃহস্পতিবার, রবিবার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ সেবা পাবেন।

বুধবার (২ জুলাই) হাবিপ্রবি মেডিকেল সেন্টারের শাখা প্রধান অধ্যাপক মো. মহিদুল হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সে অনুযায়ী, বুধবার থেকেই এ রাত্রিকালীন জরুরি চিকিৎসাসেবা চালু হয়েছে।

হাবিপ্রবি মেডিকেল সেন্টারের শাখা প্রধান অধ্যাপক মো. মহিদুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষার্থী অবস্থান করেন। গভীর রাতেও তাদের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন হয়। কিন্তু প্রায় ৬ বছর যাবৎ সেই রাত্রিকালীন জরুরি চিকিৎসাসেবা বন্ধ ছিল। ডাক্তারের স্বল্পতা সত্ত্বেও প্রাথমিকভাবে আমরা সপ্তাহে ৪ দিন রাত্রিকালীন চিকিৎসাসেবার ব্যবস্থা আজ থেকে চালু করেছি। যেন রাত্রিকালীন সময়ে শিক্ষার্থীদের পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও রাতের বেলা জরুরি চিকিৎসাসেবা নিতে পারেন। আমি মাত্র এক মাস থেকে দায়িত্ব নিয়েছি। আশা রাখি, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মেডিকেল সেন্টারের জন্য আরও প্রয়োজনীয় বিষয়ের যৌক্তিক সমাধান করতে পারব ইনশাআল্লাহ।”