উপাচার্যের আশ্বাসের পরও তাতে আস্থা রাখতে পারছেন না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদোন্নতি ও আপগ্রেডেশনের দাবিতে আন্দোলনরত কর্মকর্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তবে শিক্ষার্থীদের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিবেচনায় নিয়ে অবস্থান কর্মসূচির সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা।

তারা জানান, আগামীকাল থেকে প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীদের সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে যেন নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই কর্মসূচির সময় কমানো হয়েছে।

আন্দোলনরত কর্মকর্তাদের অভিযোগ, পদোন্নতি ও আপগ্রেডেশন সংক্রান্ত বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলীর কাছ থেকে একাধিকবার আশ্বাস পেলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ আলোচনাতেও কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় তারা আশ্বাসের ওপর আস্থা হারিয়েছেন। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরো বলেন, শুরুতে কর্মবিরতি এবং পরে অবস্থান কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আন্দোলনের কর্মসূচি আরো কঠোর করা হতে পারে।

এর আগে, গত ২৮ জুন নির্ধারিত পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ায় উপাচার্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা।

আন্দোলনকারীরা জানান, আগামী ১৬ জুলাই শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সেদিনের অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে।