অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জেরিন ওই এলাকার জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহারের একমাত্র মেয়ে। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। জেরিনের বাবা জসিম উদ্দিন সরদার বলেন, রোববার রাতের খাবার খেয়ে জেরিন ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় একটি সাপ তাকে কামড় দেয়। পরে তাকে সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।