ধামরাই পরিবহণ সেক্টরে ব্যাপক চাঁদাবাজি ও লুটতরাজের অভিযোগ রয়েছে যুবলীগ নেতা বুধরা ইউনিয়ন যুবলীগের সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে। পরিবহণ সেক্টরে চাঁদাবাজি বন্ধে এবং ওই যুবলীগ নেতার গ্রেফতার দাবিতে দুদিনব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিবহণ ব্যবসায়ীরা। রোববার বিকাল পাঁচটা ও সোমবার বেলা ১১টায় ঢাকা ধামরাই উত্তরবঙ্গ মহাসড়কের ধামরা এর কাওয়ালী পারা বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচি পালনকালে ভুক্তভোগী পরিবহণ ব্যবসায়ীরা ওই যুবলীগ নেতা মিজানকে অবিলম্বে গ্রেফতার ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান। তারা আরও বলেন প্রশাসন ও বিএনপির কতিপয় নামধারী নেতাকর্মীদের সহায়তায় তিনি পরিবহণ সেক্টরে ব্যাপক চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলেও ওই যুবলীগ নেতা একইভাবে চাঁদাবাজি করে পরিবহণ সেক্টরে চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তোলে। অবিলম্বে তাকে গ্রেফতার করে পরিবহণ সেক্টরে চাঁদাবাজি বন্ধ করতে হবে। না হলে পরিবহণ ব্যবসায়ীরা লাগাতার কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
