রাজধানীর লালবাগের আজিমপুর ৮৭ লালবাগ রোডের মেডিকেল স্টাফ কোয়ার্টারে ভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরে মারধরে মো. স্বপন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্বপন মাদারীপুরের শিবচর উপজেলার তাহের ফকিরকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ভাড়া থাকতেন এবং কসমেটিকস ব্যবসা করতেন।

স্বপনের ভাই রাজা মোহাম্মদ সেলিম বলেন, বাসা ভাড়ার এক হাজার টাকা বকেয়া থাকাকে কেন্দ্র করে বাসা বরাদ্দধারী রিজভীর সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। রোববার রাতে ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির পর সোমবার ভোরে রিজভী ও তার এক আত্মীয় এসে আবারও বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে স্বপনকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।