দেশব্যাপী চলমান পুলিশের বিশেষ অভিযানে গত আড়াই মাসে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে অন্য মামলা ও অভিযানে আরও গ্রেফতার হয় ৮৩ হাজার ৮১৭ জন। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে-৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলভার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং একটি পেনগান।
এছাড়া মাদকবিরোধী অভিযানে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
