খুলনা মহানগরীর হরিণটানা থানার রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকায় একটি বাড়ির সামনে মাটিচাপা দেওয়া অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া ইজিবাইকচালক মারুফের। এ ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ থেকেই হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসে। সোমবার সকালে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে মুরাদ মোল্লা তার স্ত্রী ফাল্গুনীকে মারধর করেন। এ বিষয়ে স্ত্রী থানায় অভিযোগের পাশাপাশি একটি হত্যাকাণ্ডের কথাও পুলিশকে জানান। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে অভিযান চালিয়ে লাশটি খুঁজে পায়। জানা গেছে, মারুফকে ডেকে নিয়ে হত্যার পর ইজিবাইকটি খুলে খণ্ড খণ্ড করে বিক্রি করা হয়। অভিযানের সময় দম্পতির বাড়ি থেকে ইজিবাইকের বেশ কয়েকটি খণ্ডিত অংশ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় হরিণটানা থানায় হত্যা ও লাশ গোপনের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।