ফরিদপুরের আলফাডাঙ্গায় শুক্রবার বড়ভাগ গ্রামে পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুমন বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। তিনি কাশিয়ানী এমএ খালেক ডিগ্রি কলেজে প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জানা যায়, বিকাল ৫টার দিকে কাশিয়ানী থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সুমন। একই গ্রামের পূর্ব পাড়ায় উকিল শেখের বাড়ির সামনে পৌঁছলে ওঁতপেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।