রাজৈরে পুলিশ পরিচয়ে অভিনব কায়দায় ইজিবাইক চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য রয়েছেন। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতাররা হলো-চাকরিচ্যুত সেনা সদস্য সুজন মোল্লা, তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের গায়েন্দার গ্রামে। চাকরিচ্যুত পুলিশ সদস্য লিমন মিয়ার বাড়ি একই উপজেলার নোহাটা গ্রামে ও খান্দারপাড় গ্রামের সাকায়েত মুন্সী। পুলিশ জানায়, ১২ জুন দুপুরে রাজৈর থানাধীন সাধুর ব্রিজের পূর্ব ঢালে ভুক্তভোগী চালক তার ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এসময় অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ‘থানার মোড়’ যাওয়ার জন্য ইজিবাইকটি ভাড়া করেন। ইজিবাইকটি থানার মোড়ে পৌঁছলে সেখানে অপর এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে ওঠেন এবং ‘আসামি ধরার অভিযান পার্টির’ কাছে যাওয়ার কথা বলে ইজিবাইকটি মজুমদারকান্দি এলাকায় নিয়ে যান। সেখানে পৌঁছে চালককে ইজিবাইক থেকে নেমে কিছুটা সামনে ব্রিজের কাছে যেতে বলা হয়। এর মধ্যে মোটরসাইকেল নিয়ে আরও দুই সহযোগী সেখানে হাজির হন। সুযোগ বুঝে চক্রের একজন ইজিবাইকটি নিয়ে দ্রুত চম্পট দেয়।