সোনাগাজীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সৈকত হোসেন নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করেছেন খাঁন সাহাব নামে এক মাদক ব্যবসায়ী। শুক্রবার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের সাহেবের হাট ফারুকের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। জানা যায়, সফরপুর গ্রামের মৃত কবির আহমদের ছেলে খাঁন সাহাব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করেন যুবদল কর্মী সৈকত হোসেন। শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ফারুকের চায়ের দোকানে বসে চা পান করার সময় খাঁন সাহাব একটি ধারালো ছুরি নিয়ে সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

