মাদারীপুরের রাজৈরে দুধে পানি মেশানোর অভিযোগ তুলে গরুর খামারিদের জনসম্মুখে লাঞ্ছিত করার ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেফতার করেছে পুলিশ। টেকেরহাটের পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের হারুন বাঘার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২২ জুন টেকেরহাট বাজারে কয়েকজন খামারি দুধ বিক্রি করতে আসেন। এ সময় এনামুল একটি ছোট যন্ত্র নিয়ে ভেজাল দুধ শনাক্তের নামে অভিযান চালান। তিনি গোকুল নামে এক খামারিসহ তিনজনের দুধে পানি মেশানো হয়েছে দাবি করে দুজনের মাথায় দুধ ঢেলে দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন বিষয়টি হাসি-ঠাট্টার সঙ্গে উপভোগ করেন। পরে এনামুল নিজ ফেসবুক আইডিতে ঘটনার ভিডিও প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, তিনি একটি কাঠিসদৃশ যন্ত্র দিয়ে দুধ পরীক্ষা করে পানি মেশানোর অভিযোগ তোলেন। এরপর দুধের মালিকদের সামনে এনে তাদের অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এনামুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে।
