আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে সুমন শেখ (৩০) নামে কলেজছাত্রকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে নিহতের বড়ভাই শামীম শেখ মামলাটি করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নিহত সুমন শেখ কাশিয়ানীর আব্দুল খালেক কলেজের ছাত্র ছিলেন। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় সুমন শেখ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে হোসাইন শেখের নেতৃত্বে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ওইদিন রাতে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। ওসি ফকির তাইজুর রহমান জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
