কুমিল্লায় ইথান আহমেদ প্রেম নামে স্কুলছাত্রের ওপর মাদক সন্ত্রাসীদের গুলির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রোববার দুপুরে মাদকবিরোধী ঐক্য জোটের ব্যানারে নগরীর কাটাবিল এলাকায় এ মানববন্ধন হয়। এ সময় ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং বিচার দাবি করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর, কুমিল্লার জমিনের সম্পাদক ও নাগরিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক আবু রায়হান প্রমুখ। সাইফুর রহমান সাগর বলেন, বার্তা একটাই- কুমিল্লা থেকে মাদক ও মাদক কারবারিদের বিদায় করতে হবে। রাজনৈতিক ছত্রছায়ায় এসব মাদক ব্যবসা আর চলবে না। রাজনৈতিক ফাঁকা আওয়াজে মানুষ আর বিভ্রান্ত হবে না। মানুষ এখন নিজেরাই সামাজিক আন্দোলন গড়ে তুলবে। আগামী ৩ দিনের মধ্যে ইথান আহমেদ প্রেমের ওপর গুলি বর্ষণকারীদের গ্রেফতার করতে হবে। এ সময় শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।