কচুয়ায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি স্বামী আলমগীর হোসেনকে কুড়িগ্রামের সোনাইমুড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় জড়িত পরকীয়া প্রেমিকা শাহিনা আক্তারকেও আটক করা হয়েছে। রোববার সকালে থানার ওসি তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ওসি মো. আজিজুল ইসলাম বলেন, উপজেলার হাটমুড়া গ্রামের সরকার বাড়িতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আলমগীর হোসেনের সঙ্গে একই বাড়ির শাহিনা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি তার স্ত্রী মরিয়ম বেগম জানতে পারায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহিনা আক্তার প্রেমিক আলমগীরকে খবর দিয়ে উত্তেজিত করেন। তিনি আরও বলেন, এরপর আলমগীর বৃহস্পতিবার তার স্ত্রী মরিয়মকে সকাল ও বিকালে দুদফা মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার দিনই অভিযান চালিয়ে শাহিনা আক্তারকে গ্রেফতার করা হয়।
পলাতক আলমগীরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে র্যাব ও কুড়িগ্রামের থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে কচুয়া থানায় আনা হয়।
