ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে রাফসান নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা প্রথমে তাকে হাসপাতালে না নিয়ে দুই ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করান। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত রাফসান উপজেলার অমৃতনগর গ্রামের সৌদি প্রবাসী লিটন মোল্যার ছেলে। রাফসান বোয়ালমারী জর্জ একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবা প্রবাসে থাকায় রাফসান ও তার পরিবার একই গ্রামে মামা আল আমিন মোল্যার বাড়িতে বসবাস করত। জানা যায়, শনিবার রাত ৮টার দিকে রাফসানকে সাপে কামড় দেয়। এরপর পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের ওঝা আক্কাচ মিয়া ও পরে পৌরসভার সোতাশী গ্রামের বুলু ওঝার কাছে নেওয়া হয়। সেখানে ঝাড়ফুঁক শেষে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। রোববার ভোরে রাফসানের শ্বাসকষ্ট শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে চট্টগ্রামের লোহাগাড়ায় সাপের কামড়ে মুহাম্মদ সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় ওঝার মাধ্যমে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সোহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান মনু মিয়া চৌধুরী পাড়ার জহির উদ্দিনের ছেলে। মৃতের স্বজনরা জানান, শনিবার বিকালে বাড়ির পাশে একটি সাপ সোহানকে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। তবে রাতের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
