পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে হ্যান্ডকাফ নিয়ে পালানোর ৩ ঘণ্টা পর পুনরায় গ্রেফতার হয়েছেন শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ। শনিবার রাতে বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টায় বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। শ্রীনগর থানার এসআই রাজ্জাক ও শরিফুলসহ একাধিক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হয়ে সাব্বির শেখকে ধরে ফেলে এবং তাকে দুটি হ্যান্ডকাফ পরায়। এসময় সেখানে উপস্থিত সাব্বির শেখের পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়।