জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কঠোর হতে হবে। রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকার আসার পরে সীমান্তে ১০ জনকে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) হত্যা করেছে। অবৈধ বাংলাদেশি বলে পুশইন করার চেষ্টা করা হচ্ছে। এই বাজেট অধিবেশেনে পুশইন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু আমরা জানি না কোন কারণে এই আলোচনাটা আমাদের করতে দেওয়া হয়নি। এখানে সমালোচনা-প্রশংসা এত কথা হলো কিন্তু আমরা কি এক ঘণ্টা বের করতে পারতাম না এটা নিয়ে আলোচনা করার জন্য।
নাহিদ ইসলাম বলেন, বিএনপির নামের সঙ্গে ‘জাতীয়তাবাদ’ শব্দটা আছে। আমরা দেখতে চাই তারা কীভাবে সীমান্ত হত্যা বন্ধ করে এবং সেই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে তাদেরকে সহায়তা করব। আমরা বিজিবিকে সাধুবাদ জানাই-তারা যেভাবে পুশইন প্রতিরোধ করছে, যেভাবে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছে, তাতে বাংলাদেশের ১৮ কোটি জনগণ তাদের সঙ্গে রয়েছে।
তিনি বলেন, সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে দুর্নীতি বন্ধ করুন। জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং যারা টাকা পাচার করেছে, অর্থনৈতিকভাবে লুটপাট করেছে, তাদের বিচারের আওতায় আনুন।
