রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড মো. শামীম পাটালিসহ আটজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি ও একটি তরবারি উদ্ধার করা হয়। রোববার কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
তিনি বলেন, মোহাম্মদপুরকে নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। সময় ও পরিস্থিতি বুঝে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতায় অপরাধ দমনের কাজ অব্যাহত থাকবে। আমাদের মনে রাখতে হবে-আইনশৃঙ্খলা বাহিনীর হাত অনেক বিস্তৃত। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
নয়মুল হাসান বলেন, শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে-মোহাম্মদপুরের বসিলা এলাকায় পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এরপর অভিযান চালিয়ে শামীম পাটালির দুই সহযোগী খোকন মুন্সী ও সজীব ব্যাপারীকে গ্রেফতার করা হয়।
