রাজধানীর সবুজবাগ ও ডেমরার পৃথক স্থান থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিনের লাশ উদ্ধার করা হয়। তার স্বামী আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসাবে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার এসআই মোছা. ফাতেমা। তিনি বলেন, ছেলেমেয়ের পড়াশোনা, আর্থিক সংকটসহ নানান বিষয়ে দুশ্চিন্তা থেকে নিলুফার আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবি করেছে। নিলুফার ইয়াসমিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিরিসিল গ্রামের নুর ইসলামে মেয়ে। তিনি পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণগাঁও এলাকায় বসবাস করতেন। এদিকে ডেমরার একটি বাসা থেকে নাসরিন আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আড়াইটার দিকে ডেমরার বাঁশেরপুল নতুনপাড়া থেকে তার লাশ উদ্ধার করে হয়। ডেমরা থানার এসআই শায়খ খসরু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহ থেকে তিনি আত্মহত্যা করেছেন।
