গাইবান্ধা সদর উপজেলায় অপহরণের প্রায় তিন মাস পর দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব-১৩। সেইসঙ্গে অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবিব নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রাম থেকে অভিযুক্ত তরুণকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করা হয়। র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আহসান হাবিব গাইবান্ধা সদরের রামনাথের ভিটা গ্রামের বকুল মিয়ার ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যালয়ে যাতায়াতের সময় প্রেম নিবেদনসহ ভিকটিমকে উত্ত্যক্ত করতো অভিযুক্ত আহসান হাবিব। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি নিজের পরিবারে জানায় ওই ছাত্রী। ঘটনাটি জানাজানি হলে আহসান হাবিবের পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সে প্রস্তাবও প্রত্যাখ্যান করে ওই ছাত্রীর পরিবার। এ অবস্থায় ৩১ মার্চ রামনাথের ভিটা মণ্ডলপাড়া এলাকায় চাচার বাড়ি থেকে ওই ছাত্রীকে ইজিবাইকে তুলে নিয়ে যায় আহসান হাবিব। পরে ১১ এপ্রিল ছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন।