ম্যাচ শেষ, ফাইনালের টিকিট নিশ্চিত। গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস, মাঠজুড়ে উৎসবের আবহ। সেই আনন্দের মাঝেই ঘটে গেল এক মজার ঘটনা। ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের ফেলে যাওয়া একটি পানির বোতল ঘিরে তৈরি হলো কৌতূহল, হাসি আর আলোচনার নতুন অধ্যায়। বোতলের সঙ্গে আটকানো ছিল একটি ছোট্ট ‘নীল নকশা।’ যেখানে লেখা ছিল আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম এবং তারা সাধারণত কোন দিকে শট নেন। আর সেটিই হাতে পেয়ে মেসি-এনজোদের প্রতিক্রিয়া এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
আটলান্টায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার পর ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা সমর্থকদের সঙ্গে উদযাপনে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় দলের ম্যাসিওর মার্সেলো ‘ড্যাডি’ ডি'আন্দ্রেয়া মাঠে পড়ে থাকা জর্ডান পিকফোর্ডের পানির বোতলটি খুঁজে পান।
বোতলের গায়ে লাগানো ছিল একটি নোট, যেখানে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নামের পাশে তাদের পছন্দের শটের দিক উল্লেখ করা ছিল। সম্ভাব্য টাইব্রেকারের কথা মাথায় রেখেই ইংল্যান্ডের গোলরক্ষক এই তথ্য সঙ্গে রেখেছিলেন।
ক্যামেরায় ধরা পড়ে, ডি’আন্দ্রেয়া সেই নোটটি লিওনেল মেসি, নিকোলাস গনজালেজ এবং মার্কোস সেনেসির হাতে তুলে দেন। মেসি মনোযোগ দিয়ে নোটটি পড়ার চেষ্টা করেন। এরপর সবাই মিলে কী লেখা আছে তা নিয়ে আলোচনা শুরু করেন, যা পরে হাসি-ঠাট্টায় পরিণত হয়।

কিছুক্ষণ পর সেখানে যোগ দেন এনজো ফার্নান্দেজ। তালিকায় নিজের নাম দেখে তিনি বিস্মিত হাসি দেন। পরে ডি’আন্দ্রেয়াকে মুষ্টিবদ্ধ হাত দিয়ে শুভেচ্ছা জানান এবং আকাশের দিকে ইশারা করে মজা করে যেন বোঝান ভাগ্য ভালো, ম্যাচটি পেনাল্টি পর্যন্ত গড়ায়নি!
ঘটনার কয়েক ঘণ্টা পর আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্তিন সামাজিক যোগাযোগমাধ্যমে সেই নোটের একটি স্পষ্ট ছবি প্রকাশ করেন। এতে দেখা যায়, ইংল্যান্ডের কোচিং স্টাফ সম্ভাব্য টাইব্রেকারের জন্য আর্জেন্টিনার শুটারদের নিয়ে আগেভাগেই বিশদ প্রস্তুতি নিয়েছিল।
ম্যাচজুড়েই পিকফোর্ডকে ঘিরে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর গোল উদযাপনের সময় পিকফোর্ড প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বিতর্কিত ভঙ্গিতে অশোভন অঙ্গভঙ্গি করেন বলে দাবি করা হয়েছে।
তবে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনাই। এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর ডিফেন্ডার ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো দৌড়ে গিয়ে পিকফোর্ডের সামনে উদযাপন করেন। আর শেষ মুহূর্তে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে যায় লিওনেল স্কালোনির দল।
আরআর/আইএন








