বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ইংল্যান্ড বিদায় নেওয়ার পর কোচ থমাস টুখেলকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। তবে সেই সমালোচনার বিপরীতে জোরালো অবস্থান নিয়েছেন লিভারপুলের সাবেক ও জার্মানির কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লপ।
তার মতে, ম্যাচ শেষ হওয়ার পর বাইরে থেকে কৌশল নিয়ে বিচার করা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা মোটেও ততটা সহজ নয়। আর প্রতিপক্ষে যদি লিওনেল মেসির মতো ফুটবলার থাকেন, তাহলে সব পরিকল্পনাই মুহূর্তে ভেস্তে যেতে পারে।
ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় টুখেল রক্ষণ শক্তিশালী করার সিদ্ধান্ত নেন। সেই কৌশলই পরে সমালোচনার জন্ম দেয়। কিন্তু ক্লপ মনে করেন, টুখেল যাই করতেন, সমালোচনা এড়াতে পারতেন না।
তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর সবাই এমনভাবে কথা বলে, যেন কোচিং করা খুব সহজ। যেন শুধু আক্রমণ করবে নাকি রক্ষণ করবে-এই সিদ্ধান্ত নিলেই সব ঠিক হয়ে যায়। কিন্তু ফুটবল এতটা সহজ নয়, এটি অনেক বেশি জটিল।’
ক্লপের মতে, টুখেল যদি লিড ধরে রাখার চেষ্টা না করতেন এবং আর্জেন্টিনা ফিরে আসতো, তাহলে সমালোচকরা উল্টো প্রশ্ন তুলতেন। ক্লপ বলেন, ‘টুখেল যদি ম্যাচ নিয়ন্ত্রণের চেষ্টা না করতেন আর আর্জেন্টিনা ফিরে আসতো, তাহলে একই মানুষ বলতো-লিড রক্ষা করার চেষ্টা করলেন না কেন? নকআউট ফুটবলে আপনি যা-ই করুন না কেন, সমালোচনা হবেই।’
তিনি আরও বলেন, এই জয়ের পেছনে শুধু কৌশল নয়, আর্জেন্টিনার মানসিক দৃঢ়তাও বড় ভূমিকা রেখেছে, ‘এই আর্জেন্টিনা দলের মানসিকতা অসাধারণ। মনে হচ্ছে এই মুহূর্তে তাদের সঙ্গে সত্যিই বিশেষ কিছু রয়েছে।’
সবশেষে আবারও লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হন ক্লপ। তার মতে, ৩৯ বছর বয়সেও মেসিই বিশ্বের সেরা ফুটবলার এবং বড় ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা এখনও তার রয়েছে।
ক্লপ যোগ করেন, ‘আর যখন আপনার সামনে লিওনেল মেসি থাকে... তখন আর কী-ই বা করার আছে? তার বয়স ৩৯, তবুও সে এখনও বিশ্বের সেরা খেলোয়াড়। আপনি ভাববেন তাকে আটকে ফেলেছেন, সবকিছু ঠিকঠাক করেছেন। কিন্তু তারপরও সে দুটি অ্যাসিস্ট করে ম্যাচের গতিপথ বদলে দেয়। কখনও কখনও মহত্ত্বই ম্যাচের ফল নির্ধারণ করে। এটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনি আসলে ফুটবলই বোঝেন না।’
আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে প্রথমে পিছিয়ে পড়েও শেষ দিকে দারুণ প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। দুটি গোলে সরাসরি অবদান রেখে আবারও দলের নায়ক হয়ে ওঠেন লিওনেল মেসি। এখন ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আরআর








