সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় রশি ছিঁড়ে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে আলম ইসলাম (২৭) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রূপায়ণ হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম ইসলাম পঞ্চগড়ের বোদার কুমারপাড়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে যান আলম। কাজের একপর্যায়ে তাকে রশির মাধ্যমে সেপটিক ট্যাংকের ভেতরে নামানো হয়। নিচে নামার সময় হঠাৎ রশি ছিঁড়ে গেলে তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


