বন্দরে ডিউটির সময় দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুটি শটগান লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাতদল। বৃহস্পতিবার ভোরে ২৭নং ওয়ার্ড বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রের শীতলক্ষ্যা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে মনির হোসেন বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় মামলা করেছেন।
মামলার বাদী আনসার সদস্য মনির জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় আনসার সৈকত মিয়া ও অপর আনসার মো. মনিরুজ্জামান মুন্সি বন্দর থানার ১১০ কেভি হরিপুর বিদ্যুৎকেন্দ্রের ভেতর শীতলক্ষ্যা নদীর ঘাটে ডিউটি পোস্টে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একটি ইঞ্জিন চালিত নৌকায় ৫/৬ জনের একটি ডাকাতদল দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘিরে ফেলে। দলের এক ডাকাত নৌকায় ছিল। ডাকাতরা রামদা ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আনসার সদস্য সৈকতের শটগান (বডি নং ৬৬২৯৯০) এবং অপর আনসার সদস্য মনিরুজ্জামান মুন্সির শটগান (বডি নং ৪১৩১২০) জোর করে ছিনিয়ে নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় দ্রুত কাঁচপুরের দিকে পালিয়ে যায়। ডাকাতদের পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি। মুখে ছিল মাস্ক।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালালউদ্দিন আনসার সদস্যদের অস্ত্র লুটের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

