নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে তোশকে মোড়ানো মোতালেব হোসেন নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মাসদাইর ঈদগাঁর সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোতালেব লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি ওই এলাকার সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করেন এবং মাসদাইর বাজারে সুমাইয়া টেলিকম ও বুক নামে ফ্যাক্সিলোডের দোকানের মালিক।

নিহতের শ্যালক (অব.) সার্জন এমডি কামাল জানান, বুধবার (১ জুলাই) সকাল আটটায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মোতালেব। অনেক খোঁজাখুঁজি পর রাতে ফতুল্লা মডেল থানার একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে এসে সড়কে তোশকে মোড়ানো অবস্থায় লাশ দেখে শনাক্ত করেন। হত্যাকারীকে দ্রুত গ্রেফতার বিচারের দাবি করেন তিনি। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. ওয়াসিম খান জানান, ধারণা করা হচ্ছে তাকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা পর পরিচয় গোপন ও লাশ গুমের উদ্দেশ্যে তোশকে মুড়িয়ে সড়কে ফেলে দেয় দুর্বৃত্ত।