ঢাকার সাভারে মারামারি মামলায় গ্রেফতার শামীম রেজাকে দীর্ঘদিন জেলে রাখতে নাটকীয়ভাবে তার বিরুদ্ধে আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার অভিযোগ এনেছে পুলিশ। গ্রেফতার শামীমকে ‘তৌহিদুর রহমান’ হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখাতে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে ২০ জুন আদালতে একটি আবেদন করা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শামীমকে হত্যা মামলায় কারাগারে পাঠান। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, পুলিশ যে মামলায় শামীমকে ‘শ্যোন অ্যারেস্ট’ করে কারাগারে পাঠিয়েছে ওই মামলা আদালত থেকে অনেক আগেই ‘ক্লোজ’ করা হয়েছে। মামলা ক্লোজডের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জজকোর্টের আইনজীবী কামরুল ইসলাম।

ভুক্তভোগী শামীম রেজা সাভারের চাপাইন-সিআরপি এলাকার মো. আকবর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাভারের রাজাশন এলাকায় বসবাস করে অটোরিকশা ও ব্যাটারি ক্রয়-বিক্রয় ব্যবসা করে আসছেন।

আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ‘যে মামলাটি আদালত থেকে ‘ক্লোজ’ করা হয়েছে ওই মামলার রেফারেন্স ব্যবহার করে আশুলিয়া থানা পুলিশ ১১৬নং নামীয় আসামি হিসাবে রাজাশনের গ্যারেজ ব্যবসায়ী শামীম রেজার নাম উল্লেখ করেছে। পাশাপাশি শামীমের ঠিকানা ও পিতার নামের সঙ্গে মিল নেই।