আশুলিয়া শাশুড়িকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিয়ে লাশ দাফনের ঘটনায় পুত্রবধূকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকালে গ্রেফতার আসামিকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সখিনা বেগম (৬০) শিমুলিয়ার পাড়াগ্রাম এলাকার মো. মনছের আলীর স্ত্রী। গ্রেফতার মুক্তা আক্তার গাজীপুরে কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের মেয়ে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টায় তুচ্ছ বিষয় নিয়ে শাশুড়ি বৌয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বৌ শাশুড়িকে গলাটিপে চেপে ধরে। এ সময় ধস্তাধস্তি থেকে রক্ষা পেলেও গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে শাশুড়ি। এরপর বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে স্বামীকে ভুল ব্যাখ্যা দিয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেদিনই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর লাশ বাড়িতে নিয়ে আসে। তার মৃত্যু স্বাভাবিক জানিয়ে দাফন কাজ সম্পন্ন করা হয়। গত বুধবার স্ত্রী স্বামীর সঙ্গে কথোপকথনের একপর্যায়ে শাশুড়িকে গলা টিপে অজ্ঞান করার কথা বলে দেয়। এরপর নিহতের ছেলে ঘটনার কথা সবাইকে বলার পর স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ আসামিকে থানা হেফাজতে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করায় সত্য কথা পুলিশের কাছে স্বীকার করে।