সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে এবার বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হলো। বৃহস্পতিবার বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন সেফাতুল্লাহ আসামির উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে ৬ জুলাই দিন ধার্য করেন। এতে এখনই তার কারামুক্তি হচ্ছে না। গত বছর ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করা হয়। ওই রাতেই জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে নিহত যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। ওই বছরের ২৯ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানার দুই মামলায় তাকে ভার্চুয়ালি গ্রেফতার দেখানো হয় এবং এভাবে আটটি মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং সবগুলোতেই তার জামিন হয়। এরপর বনানী থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। বৃহস্পতিবার সকালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় খায়রুল হককে দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।