বাগেরহাটে বসতঘর থেকে বিএনপিকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম চাকলাদার আবুল কালাম। শনিবার দুপুরে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামে কালামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালাম বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের প্রয়াত চাকলাদার হাতেম আলীর ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। পেশায় ঠিকাদার। তিনি এক বছরের বেশি একাই তার বাড়িতে থাকতেন। স্ত্রী ও দুই ছেলে বাগেরহাট শহরে ভাড়াবাড়িতে বসবাস করেন।
কালামের চাচাতো ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, বনিবনা না হওয়ায় আমার ভাসুর কালামকে ছেড়ে তার স্ত্রী ও দুই ছেলে বাগেরহাট শহরে ভাড়াবাড়িতে বসবাস করায় এক বছরের বেশি তিনি একা তার বাড়িতে বসবাস করছিলেন। তারা চলে যাওয়ার পর থেকে আমার ভাসুর কালামকে তিনবেলা খাবার আমি দিয়ে আসছি। প্রতিদিনের মতো শুক্রবার রাতে তাকে ডেকে খাবার দেই। শনিবার সকালে তাকে ভাত দিতে এসে ডাকাডাকি করতে থাকি। সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি তিনি গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় বসে আছেন। এই দেখে আমি চিৎকার করতে থাকি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু বলেন, কালাম দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যু রহস্য উন্মোচন করতে দাবি জানাচ্ছি।
বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।



