বগুড়া মহানগরীতে আরিফ শেখ ওরফে আরিফ বিহারী (৩৫) নামে এক ব্যক্তিকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে লতিফপুর কলোনির প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শনিবার সকালে সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে।
স্বজনরা জানান, আরিফ শেখ বগুড়া মহানগরীর লতিফপুর কলোনির আজিজ শেখের ছেলে। প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তার মামা বাদলসহ কয়েকজনের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। শুক্রবার বিকাল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। সমঝোতার কথা বলে রাত সাড়ে ১২টায় তাকে বাড়ি থেকে ডেকে এলাকার প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নেওয়া হয়। এরপর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। রাত ১টায় স্থানীয়রা তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সদর থানা পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বোন রুমি আফরিন অভিযোগ করেন, তাদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেতেন। সেই টাকা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে সেলিম, জীবন, নাহিদসহ কয়েকজনকে দিয়ে বাদল তাকে (আরিফ) হত্যা করিয়েছেন। সদর থানার ওসি জানান, আরিফের বিরুদ্ধে সদর থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে। তিনি একটি হত্যা মামলায় কারাভোগ করেছেন। হত্যারহস্য উদ্ঘাটনে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।



