ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল্লাহ শিকদারকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৪। শুক্রবার বিকালে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। শনিবার রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় র‌্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি।

তিনি বলেন, আব্দুল্লাহ শিকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে তিনি কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরদিন ৬ আগস্ট সকালে কারাগারে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন কারারক্ষীকে জিম্মি করে বন্দিরা বৈদ্যুতিক পিলার ভেঙে মই তৈরি করে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে আব্দুল্লাহ শিকদারও ছিলেন। এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি বলেন, কারাগার থেকে পালানোর পর গ্রেফতার এড়াতে আব্দুল্লাহ দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।